৫ নভেম্বরের মধ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশনের নির্দেশ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে—স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানসহ—আগামী ৫ নভেম্বরের মধ্যে ই-রেজিস্ট্রেশন সম্পন্ন ও প্রোফাইল হালনাগাদ করার নির্দেশ দিয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) এনটিআরসিএর পরিচালক তাসনিম জেবিনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, যেসব শিক্ষা প্রতিষ্ঠান এখনো ই-রেজিস্ট্রেশন সম্পন্ন করেনি, তাদের নতুনভাবে নিবন্ধন করতে হবে। আর যেসব প্রতিষ্ঠান ইতিমধ্যে নিবন্ধিত, তাদের প্রোফাইল হালনাগাদ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ই-রেজিস্ট্রেশন ও প্রোফাইল হালনাগাদ না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ভবিষ্যতে এনটিআরসিএর অনলাইন পোর্টালে নিয়োগযোগ্য শিক্ষক চাহিদা (ই-রিকুইজিশন) জমা দিতে পারবে না।

অফিস আদেশে আরও বলা হয়, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের নিজেদের প্রোফাইলও হালনাগাদ করতে হবে। পাশাপাশি প্রতিটি জেলা শিক্ষা অফিসারকে তাদের জেলার আওতাধীন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের ই-রেজিস্ট্রেশন প্রক্রিয়া সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এনটিআরসিএ জানিয়েছে, ই-রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে এনটিআরসিএর ওয়েবসাইটে থাকা ‘ই-রেজিস্ট্রেশন সেবা’ বক্সে প্রদত্ত নির্দেশনা অনুসরণ করতে হবে।

Leave a Comment