পরীক্ষায় অনিয়ম হলেই কঠোর ব্যবস্থা ইআবি প্রশাসনের

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধীনে ফাজিল (পাস) পরীক্ষা–২০২৪ সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পরীক্ষাকেন্দ্র পরিদর্শন এবং প্রয়োজনীয় করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ফাজিল (পাস) পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলে সভায় জানানো হয়। নকলমুক্ত ও উপযুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের ওপর জোর দিয়ে বক্তারা বলেন, পরীক্ষায় যেকোনো অনিয়মের ঘটনা ঘটলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বক্তারা আরও বলেন, আমাদের লক্ষ্য হলো একটি সুষ্ঠু ও মানসম্মত পরীক্ষা আয়োজন করা, যা বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ঐতিহ্য বজায় রাখবে। এজন্য প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্র যেন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে পরিচালিত হয়, সেই বিষয়টি নিশ্চিত করতে কেন্দ্র পরিদর্শনে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাদের কঠোর নজরদারি বজায় রাখতে হবে।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম, প্রো–ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো–ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, ট্রেজারার এ এস এম মামুনুর রহমান খলিলী এবং রেজিস্ট্রার মো. আইউব হোসেন। সভায় কেন্দ্র পরিদর্শনে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তারাও অংশ নেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী।

সভায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম বলেন, ফাজিল পরীক্ষা আমাদের উচ্চশিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি শুধু শিক্ষার্থীদের জ্ঞান যাচাইয়ের মাধ্যম নয়, বরং নৈতিকতা, সততা ও দায়িত্ববোধেরও প্রতিফলন। তিনি বলেন, পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম, গাফিলতি বা শিথিলতার সুযোগ নেই। পরীক্ষা কার্যক্রম পরিচালনায় প্রযুক্তিনির্ভর মনিটরিং ব্যবস্থা, কেন্দ্র ব্যবস্থাপনা ও তদারকিতে আধুনিক পদ্ধতি প্রয়োগ করা হচ্ছে। এর মাধ্যমে প্রশ্নপত্রের নিরাপত্তা, সময়নিষ্ঠতা ও সার্বিক শৃঙ্খলা আরও শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যদি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন, তবে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।

সভায় উপস্থিত শিক্ষক ও কর্মকর্তারা মাঠপর্যায়ে দায়িত্ব পালনে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রাখার অঙ্গীকার করেন।

৪৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)। এ ধাপে মোট এক হাজার ২১৯ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২ নভেম্বর থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে ৯ নভেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় পিএসসি সচিবালয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ৪৯তম বিসিএস (বিশেষ) এর এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে এক হাজার ২১৯ জনের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে।

প্রার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট [www.bpsc.gov.bd] অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট [http://bpsc.teletalk.com.bd] থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যুক্তিসংগত কারণে প্রয়োজন হলে কমিশন প্রকাশিত সময়সূচিতে সংশোধন আনার অধিকার সংরক্ষণ করে।

Leave a Comment