উচ্চশিক্ষার মান, গবেষণার অনুকূল পরিবেশ এবং আধুনিক জীবনযাপনের জন্য কানাডা দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যতম পছন্দের গন্তব্য। এবার সেই কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয় দিচ্ছে এক বিশেষ সুযোগ—টিউশন ফি ছাড়াই স্নাতক পড়াশোনার ব্যবস্থা, সঙ্গে থাকছে আবাসনসহ অন্যান্য সুযোগ-সুবিধা।
এই সুযোগটি দেওয়া হচ্ছে লেস্টার বি. পিয়ারসন ইন্টারন্যাশনাল স্কলারশিপ প্রোগ্রামের আওতায়। বাংলাদেশের শিক্ষার্থীসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থী এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণের শেষ তারিখ ৭ নভেম্বর ২০২৫।
১৮২৭ সালে প্রতিষ্ঠিত টরন্টো বিশ্ববিদ্যালয় কানাডার অন্টারিও প্রদেশে অবস্থিত এবং এটি দেশের অন্যতম শীর্ষস্থানীয় পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয় হিসেবে বিশ্বব্যাপী সুপরিচিত। আন্তর্জাতিক র্যাংকিংয়েও এর অবস্থান সবসময়ই শীর্ষের দিকে।
সুবিধাসমূহ:
- সম্পূর্ণ টিউশন ফি মওকুফ
- বিশ্ববিদ্যালয় কর্তৃক আবাসন সুবিধা
- স্বাস্থ্যবিমা সুবিধা
- পাঠ্যবই ও শিক্ষাসামগ্রী সরবরাহ
- আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পূর্ণ সহায়তা
যোগ্যতাসমূহ:
- উচ্চমাধ্যমিকে ভালো ফলাফল থাকতে হবে
- ইংরেজি ভাষায় দক্ষতা থাকা আবশ্যক
- IELTS-এ ন্যূনতম ৬.৫ স্কোর অথবা সমমানের পরীক্ষা (যেমন Duolingo) উত্তীর্ণ হতে হবে
- ইংরেজি মাধ্যমে পড়াশোনা করলে আলাদা ভাষা পরীক্ষার প্রয়োজন হবে না
আবেদনপদ্ধতি:
প্রথমে টরন্টো বিশ্ববিদ্যালয়ের অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে। এরপর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে উল্লিখিত নির্দেশনা অনুসারে লেস্টার বি. পিয়ারসন স্কলারশিপের জন্য আবেদন জমা দিতে হবে।
এই বৃত্তি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কানাডায় উচ্চশিক্ষা, গবেষণা ও পেশাগত বিকাশের এক অনন্য সুযোগ সৃষ্টি করছে।
