ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা শুরু ১৮ নভেম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ খ্রিষ্টাব্দের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হবে। পরীক্ষা চলবে ৬ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। প্রতিদিনের পরীক্ষা শুরু হবে দুপুর ১টা থেকে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, ব্যবহারিক পরীক্ষার সময়সূচি ও স্থান পরবর্তীতে জানানো হবে। ব্যবহারিক বিষয়ের কেন্দ্র ফি সংশ্লিষ্ট ব্যবহারিক পরীক্ষা কেন্দ্রে জমা দিতে হবে।

কলেজের অধ্যক্ষরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ems.nu.ac.bd থেকে নির্ধারিত পাসওয়ার্ড ব্যবহার করে পরীক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোড, প্রিন্ট এবং বিতরণ করবেন। বিতরণের আগে প্রবেশপত্রে অধ্যক্ষের নির্ধারিত স্থানে স্বাক্ষর বা ফ্যাক্সিমিলি স্বাক্ষর দিতে হবে। পরীক্ষার শুরু হওয়ার অন্তত তিন দিন আগে প্রবেশপত্র বিতরণ সম্পন্ন করতে হবে।

পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্রে উল্লেখিত বিষয় কোড অনুযায়ী পরীক্ষায় অংশ নেবে। ব্যবহারিক পরীক্ষার স্থান ও সময় পরীক্ষার্থীদের নিজ দায়িত্বে জেনে নিতে হবে।

ওয়েবসাইট ems.nu.ac.bd থেকে কলেজ কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের রোল বিবরণী ডাউনলোড করে দুই কপি প্রিন্ট করবেন। এর মধ্যে এক কপি কলেজে সংরক্ষণ করতে হবে এবং অন্য কপি কেন্দ্র ফি বাবদ আদায়কৃত ৬০০ টাকার মধ্যে ৪০০ টাকা সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পরীক্ষা শুরুর তিন দিন আগে জমা দিতে হবে। বাকি ২০০ টাকা কলেজের পরীক্ষা সংক্রান্ত ব্যয়ে ব্যবহার করতে হবে।

পরীক্ষার হলে উপস্থিতির সময় পরীক্ষার্থীদের মূল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র প্রদর্শন করতে হবে।

পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য ও নির্দেশনা পাওয়া যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd-এ। এছাড়া পরীক্ষাকালীন সময়ে প্রতিদিন অন্তত তিনবার—সকাল, দুপুর ও রাতে— ওয়েবসাইটটি ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে কোনো গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি মিস না হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কোনো তথ্য ডাক মারফত প্রেরণ করা হবে না এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ছাড়া অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তি গ্রহণযোগ্য হবে না।

Leave a Comment