অমর নাম কবিতা – কবি শামসুর রাহমানের ৬ষ্ট মৃত্যু বার্ষিকী ছিল গত ১৭ই আগস্ট । গভীর শ্রদ্ধাঞ্জলি। তার কবিতা আমাদের প্রেরণা। আজ তার বিখ্যাত একটি কবিতা “অমর নাম” তুলে ধরা হল।
শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ – ১৭ আগস্ট ২০০৬) বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। জীবদ্দশাতেই তিনি বাংলাদেশের প্রধান কবি হিসেবে মর্যাদালাভ করেছিলেন। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগ, তথা পঞ্চাশের দশকে তিনি আধুনিক কবি হিসেবে বাংলা কবিতায় আবির্ভূত হন। এবং অল্প সময়ের ভেতরেই দুই বাংলায় ( তৎকালীন পূর্ব পাকিস্তান ও পশ্চিম বাংলায়) কবি হিসেবে পরিচিতি পান। আধুনিক কবিতার অনন্য পৃষ্ঠপোষক বুদ্ধদেব বসুর ‘কবিতা’ পত্রিকায় ‘রূপালি স্নান’ কবিতাটি প্রকাশিত হলে কবি হিসেবে শামসুর রাহমান সুধীজনের দৃষ্টিলাভ করেন ।
পরবর্তীতে উভয় বাংলাতেই তার শ্রেষ্ঠত্ব এবং জনপ্রিয়তা প্রতিষ্ঠিত হয়। তিনি নাগরিক কবি, তবে নিসর্গ তার কবিতায় খুব কম ছিল না। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ওপর লিখিত তার দুটি কবিতা খুবই জনপ্রিয়। স্বাধীনতা যুদ্ধের সময় তিনি মজলুম আদিব (বিপন্ন লেখক) ছদ্মনামে কলকাতার বিখ্যাত দেশ ও অন্যান্য পত্রিকায় কবিতা লিখতেন। শামসুর রাহমানের ডাক নাম বাচ্চু।
অমর নাম কবিতা – শামসুর রাহমান
একটি ছেলে, গাঁয়ের ছেলে
মাঠে-ঘাটে ছোটে,
রোদের মতো তাজা হাসি
ফোটে যে তার ঠোঁটে।
ঘাসের দিকে, লতার দিকে
তাকায় ভালোবেসে,
মধুমতী নদী তাকে
দেখে ওঠে হেসে।
এই ছেলেটি বড় হয়ে
দেশের লোকের তরে,
শক্রসেনার সঙ্গে জীবন
বাজি রেখে লড়ে।
জেল জুলুমে দিন কাটে তার,
ভয় পায় না মোটে,
মুক্তি পেলে তার মিছিলে
সবাই এসে জোটে।
গাছের পাতা, ধূলিকণা
বলছে অবিরাম,
‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর
অমর তোমার নাম।
অমর নাম কবিতা আবৃত্তিঃ
